নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় বন্দর গার্লস স্কুলের ঈর্ষণীয় সাফল্য

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৪, ১১ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় বন্দর গার্লস স্কুলের ঈর্ষণীয় সাফল্য

উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো নারায়ণগঞ্জের বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

বন্দর উপজেলার ১৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঐতিহ্যবাহী বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, বন্দরের ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯ জন জিপিএ-৫সহ মোট ৩৬১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও সাবেক নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমী এ সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলে শিক্ষার্থীরা এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি কৃতকার্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় তিনি আগামী এইচএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় ভর্তির জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অলিউল্ল্যাহ, সিনিয়র শিক্ষক এস.এম. জিয়াউল করিম ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এদিকে কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশের দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকা ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। নেচে-গেয়ে তারা সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নেয়।