নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ পুরষ্কার বিতরণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ পুরষ্কার বিতরণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ও সংশ্লিষ্ট সম্মেলন কক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য ও ইনচার্জগণ তাদের পেশাগত ও সামষ্টিক নানা দিক তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের কথা শোনেন এবং উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

কল্যাণ সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার এবং আলোচিত মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকার জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার পেলেন যারা:

বিশেষ পুরস্কার: বন্দর থানা এলাকায় ইসলামী আন্দোলনের কর্মী বুলবুল হত্যা মামলার প্রধান আসামি, ১৪ মামলার কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাতসহ ১১ আসামিকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারের কৃতিত্বের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন বিশেষ পুরস্কারে ভূষিত হন।

শ্রেষ্ঠ এসআই: ৫৬টি গ্রেফতারি পরোয়ানা তামিল করায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন মো. রমজান হোসেন।

শ্রেষ্ঠ এএসআই: ৩৮টি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক উদ্ধারে অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হন আনোয়ার হোসেন।

 

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী: ৭৬ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ৫ আসামিকে গ্রেফতার করে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হন এসআই মো. আবু সাদেক।

শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধার ও ক্লুলেস মামলা ডিটেকশন: অস্ত্র উদ্ধার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতি হওয়া হায়েস গাড়ি উদ্ধারের জন্য পুরস্কৃত হন এসআই নন্দন চন্দ্র সরকার। এছাড়া ডাকাতি মামলার স্বর্ণ উদ্ধার ও ৫৮ ঘণ্টার মধ্যে ৩ অপহৃতকে উদ্ধারের জন্য পুরস্কৃত হন এসআই মফিজুল ইসলাম পিপিএম।

শ্রেষ্ঠ ডিবি অফিসার: ১টি বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধারে নেতৃত্ব দেওয়ায় জেলার শ্রেষ্ঠ ডিবি অফিসার নির্বাচিত হন এসআই মিঠুন কুমার দত্ত।

এছাড়াও ডিএসবি ও অন্যান্য শাখায় কর্মরত এসআই মো. ইজাহার আলী, ওয়াচার কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান, ওয়াচার কনস্টেবল মোঃ ইসমাইল খান, কনস্টেবল মো. সাজ্জাদ বিন ইউসুফ ও কনস্টেবল মামুন অর রশিদকে দায়িত্বশীল ভূমিকার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সিআইডি নারায়ণগঞ্জের চিফ মো. জাকির হোসেন, পিবিআই নারায়ণগঞ্জের প্রধান পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: