নারায়ণগঞ্জের বন্দরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলার দ্বিতীয় আসামি গোলাম হোসেনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রীর বাবা জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৫২(৯)২৬।
মামলার আসামিরা হলেন—বন্দর উপজেলার জাঙ্গাল কেওঢালা এলাকার গোলাম হোসেনের ছেলে রাফিন (১৯), তার বাবা গোলাম হোসেন (৫৫), মা রুমি এবং একই এলাকার জুলহাসের ছেলে মো. সাইদ (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর মেয়ে নুসরাত জাহান (১৩) কাঁচপুরের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে রাফিন তাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করেন তার বাবা।
বাদীর অভিযোগ, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কেওঢালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় রাফিন একটি সিএনজি অটোরিকশায় করে নুসরাতকে তুলে নিয়ে যান।
পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা মামলার দ্বিতীয় আসামি গোলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি কেওঢালা এলাকার মৃত হামিদ আলীর ছেলে। পরে পুলিশ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, স্কুলছাত্রী অপহরণ মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


































