নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুইস-লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার।
নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু সাব্বির আহমেদ সেন্টু এবং জাতীয় দাবা বিচারক নাজমুল হাসান রুমি।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভারতসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোট ১২৬ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভিন্ন বয়স ও পর্যায়ের দাবাড়ুরা অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করছেন।
আয়োজকদের মতে, আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জে দাবা চর্চাকে আরও এগিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক দাবার সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

































