আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে এক বিশাল নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন নিউক্লিয়াস স্কুলের সামনের মাঠে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনে ‘খেজুর গাছ’ মার্কার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন। সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মনে রাখতে হবে, এই আসনে খেজুর গাছই হলো ধানের শীষের প্রতীক।
সুতরাং দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ তারিখ খেজুর গাছ মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, মুফতি মনির হোসেন কাসেমী বিজয়ী হলে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সমাবেশে সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেন, নির্বাচিত হলে তিনি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের অবহেলিত সমস্যাগুলো সমাধানে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের কাছে ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াতুল ইসলাম রানা, ফতুল্লা থানা বিএনপির রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন এবং জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস।
এছাড়াও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করেন।


































