নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লার কাশিপুরে ভোটার স্লিপ বিতরণের সময় এনসিপির কমী ফয়সালের উপর হামলার অভিযোগে উঠেছে খেজুর গাছ প্রতীকের সমথর্কদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে। এ ঘটনায় জেলা রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আইন-শৃঙ্খলা বিষয়ক উপ-কমিটির প্রধান নিরব রায়হান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার সকালে নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের শান্তিনগর, গেদ্দারবাজার, ভোলাইল এলাকায় জাতীয় নাগরিক পাটি (এনসিপি)’র কর্মী ফয়সাল শাপলা কলি মার্কার ভোটার স্লিপ বিতরণ করতে গেলে বিএনপি সমর্থিত খেজুর গাছ মার্কার সমর্থক ছোট সোহেল ও বড় সোহেল গ্রুপের সদস্যরা তাকে বাধা দেয়। সে বাধা উপেক্ষা করে ভোটার স্লিপ বিতরণ করতে থাকলে ফয়সালের উপর অতর্কিত হামলা করে তাকে মারাত্মকভাবে জখম করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্ণিত বিএনপির সন্ত্রাসী গ্রুপ দুটি এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রিসহ নানান ধরনের অপরাধ কার্যক্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। তারা ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়ার পাশাপাশি ভোটারদের বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। শাপলা কলিতে ভোট দিলে যেন ভোটাররা ভোট কেন্দ্রে না যায়, কেন্দ্রে গেলে বাড়িঘর ভাঙ্গাসহ জানে মেরে ফেলার হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় নারায়ণগঞ্জ-৪ আসনে সুষ্ঠু নির্বাচনের ধারা বজায় রাখতে এহেন কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত ও প্রতিকারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।


































