নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:১২, ১৩ অক্টোবর ২০২৬

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না

বয়স ৩৫ বছর পেরিয়ে গেলে আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’ -এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন পেশার মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “প্রশাসন বা অন্যান্য চাকরিতে থাকা ব্যক্তিরা অবসরে যাওয়ার পর শেষ বয়সে এসে ওকালতি শুরু করেন। এই প্রথা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “পথ বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য বলেছি। ৩৫ বছর পরে যেয়ে আইনজীবী হওয়ার পথ বন্ধে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা প্রফেশনকে এমন একটা জায়গায় আনতে চাচ্ছি।”

আইনজীবীদের নীতি-নৈতিকতার প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, ভালো আইনজীবী হওয়ার পাশাপাশি টাকার প্রতি নির্লোভ হওয়া জরুরি। অনেক আইনজীবী বিচারকের খাস কামরায় গিয়ে কথা বলে এসে মক্কেলকে বলেন যে বিচারককে কিনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “মামলায় জিতলেন, জিতে গেলে পকেটে টাকা রয়ে গেল, আর হেরে গেলে বললেন যে কথা তো দিছিল, হয়নি। ঠিক আছে, আমি দেখি টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করি। এরপরে ওই মক্কেল আপনার পিছন পিছন ঘুরবে, ঘুরে ঘুরে অর্ধেক টাকা ফেরত নেবেন। এই ধরনের ব্যবসা বন্ধ হওয়া দরকার।”

বিচারকদের মত আইনজীবীদেরও জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিয়ে তিনি বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবীদের নৈতিকতার দিকে ‘কড়া দৃষ্টি’ দেওয়ার আহ্বান জানান।