নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জুলাই ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্র ফ্রন্টের ক্রাউড ফান্ডিং শুরু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:২১:৩৭, ১৪ জুলাই ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্র ফ্রন্টের ক্রাউড ফান্ডিং শুরু

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণের লক্ষ্যে ক্রাউড ফান্ডিং কার্যক্রম শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে গণসংগীত পরিবেশন ও জনসচেতনতামূলক প্রচারণার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বক্তারা বলেন, প্রায় প্রতি বছরই দেশে এ ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় উদ্যোগ পর্যাপ্ত নয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দ্রুত বন্যাকবলিত এলাকায় পৌঁছে দেওয়া হবে। এ মানবিক উদ্যোগে ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা।

সম্পর্কিত বিষয়: