নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৩, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জয় হাসান, সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রাসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পর এর চেতনাকে ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি জনগণের আত্মত্যাগ, সংগ্রাম ও গণআকাঙ্ক্ষার প্রতীক।

 

তারা আরও বলেন, জুলাইয়ের অভিজ্ঞতা দেখিয়েছে যে জনগণের সমর্থন হারালে কোনো ক্ষমতাই স্থায়ী হতে পারে না। একই সঙ্গে তারা মন্তব্য করেন, সঠিক আদর্শ, সুস্পষ্ট রাজনৈতিক লক্ষ্য ও কার্যকর নেতৃত্ব ছাড়া কোনো গণঅভ্যুত্থান তার কাঙ্ক্ষিত পরিণতিতে পৌঁছানো কঠিন।

 

নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ভবিষ্যতে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত বিষয়: