জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে ‘জুলাই পদযাত্রা ও মোনাজাত’ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (৩১ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈম হাসানের সঞ্চালনায় পদযাত্রা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ সোহরাব হোসেন ফজলে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য আমানত। তাদের স্মৃতি সংরক্ষণ, যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতকরণ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি। তরুণ সমাজকে জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম।
তিনি বলেন, “জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন এবং ইতিহাস সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর শাখার সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ সাইম হোসাইন বলেন, “জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির স্বাধীনচেতা মনন, ন্যায়বিচার এবং অধিকার আদায়ের প্রেরণার উৎস। তাই জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা এবং জুলাই সনদের বাস্তবায়ন কেবল একটি দাবি নয়, এটি জাতির নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক এম মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মুহাম্মাদ আবরারুল করিম, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসান, শহর শাখার সহ-সভাপতি শেখ মুহাঃ রুহুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
পদযাত্রা শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


































