রাজধানী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল সংযোগের দাবি দীর্ঘদিনের। সেই দাবিকে সামনে রেখে মাঠে সক্রিয় ছিল স্থানীয় সামাজিক সংগঠন ‘নিউ জেনারেশন বাংলাদেশ’ (এনজিবি)। সংগঠনটির দাবি, তরুণদের ধারাবাহিক আন্দোলন, গণস্বাক্ষর, স্মারকলিপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নারায়ণগঞ্জে মেট্রোরেল সংযোগের দাবিটি জোরালো হয়েছে।
এনজিবির নেতৃবৃন্দ জানান, ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল বাস্তবায়নের দাবিতে তাদের কার্যক্রম গতি পায়। ২৬ আগস্ট ২০২৫ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ ও নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলামের কাছে প্রথম আনুষ্ঠানিক স্মারকলিপি দেওয়া হয়।
এরপর ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার প্রায় ১০ হাজার মানুষের গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি তৎকালীন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তান্তর করা হয়। ২৮ সেপ্টেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে মেট্রোরেল সংযোগের দাবি তুলে ধরে সংগঠনটি।
এনজিবির দাবি, একই ধারাবাহিকতায় সরকারের ছয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্পটির যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপি ও প্রস্তাবনা পাঠানো হয়। তাদের ভাষ্য, তীব্র রোদ-বৃষ্টি ও নানা প্রশাসনিক জটিলতার মধ্যেও তরুণদের একটি দল এ আন্দোলন চালিয়ে যায়।
তবে সরকারি তথ্য অনুযায়ী, MRT Line-2 এখনো চূড়ান্ত নির্মাণ পর্যায়ে যায়নি; বাংলাদেশ সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রকল্প প্রোফাইলে এটি Identification Phase হিসেবে উল্লেখ রয়েছে। নারায়ণগঞ্জে আলাদা লাইট র্যাপিড ট্রানজিট (LRT) ব্যবস্থার একটি প্রকল্পও সরকারি PPP Authority-এর তালিকায় রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার এবং সর্বোচ্চ ২০টি স্টেশন প্রস্তাব করা হয়েছে।
এনজিবির পক্ষ থেকে আন্দোলনে নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা রাখা তরুণদের মধ্যে রয়েছেন—মেহরাব প্রভাত, আলিফ দেওয়ান, মোয়াজ্জেম হোসেন সাগর, সোহাইল ইসলাম ইফতি, ফাহিম মুন্তাসির শুভ, মো. তাওহীদ ইসলাম, ডা. অঞ্জন দাস ও মো. সিয়াম।
সংগঠনটির নেতারা বলেন, মেট্রোরেল সংযোগের দাবিতে আন্দোলনের কঠিন সময়ে অনেকেই পাশে ছিলেন না। এখন সম্ভাবনার কথা সামনে আসায় অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। তবে তাদের মতে, এই উদ্যোগ কোনো ব্যক্তি বা সংগঠনের একক অর্জন নয়; এটি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি।
তারা আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে আধুনিক গণপরিবহন ব্যবস্থার বিকল্প নেই। তাই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও সুচারুভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এনজিবির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের মেট্রোরেল স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে কোনো স্বার্থান্বেষী মহল যেন প্রকল্পের সম্ভাবনা ও তরুণদের আন্দোলনকে বিতর্কিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।


































