নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ আগস্ট ২০২৬

শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না: দ্বীন ইসলাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৩, ২৮ আগস্ট ২০২৬

শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না: দ্বীন ইসলাম

ইসলামী হুকুমত ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ৬ নম্বর ওয়ার্ড শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় আদর্শ ও স্লোগান সামনে এলেও কোনোটি দেশের মানুষের প্রত্যাশিত শান্তি নিশ্চিত করতে পারেনি। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা প্রয়োজন।

তিনি আরও বলেন, “আমরা শরিয়াহ কায়েম করতে চাই। যারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না, তারা ইসলামের মধ্যে নেই।” শরিয়াহ বলতে নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি ন্যায়বিচার ও ইনসাফকেও বোঝায় বলে তিনি উল্লেখ করেন।

তার দাবি, শরিয়াহভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মুহা. ইব্রাহিম খলিলুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহা. ইসমাইল ও সহ-প্রচার সম্পাদক বিলাল খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: