নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়া কার্যকরের দাবি যাত্রী অধিকার ফোরামের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত  ভাড়া কার্যকরের দাবি যাত্রী অধিকার ফোরামের

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে জেলায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের ভাড়া সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএর জারিকৃত প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ৪৩ পয়সা। নতুন বৃদ্ধির পর তা দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়।

প্রতিনিধি দলের হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ১৯ কিলোমিটার দূরত্বে নতুন নির্ধারিত ভাড়া হয় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল ৫ টাকা যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সা। তবে নতুন প্রজ্ঞাপন জারির আগেই নারায়ণগঞ্জের উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু করেছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

এছাড়া গত ২৩ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৯ কিলোমিটারের ভাড়া ছিল ৪৬ টাকা ১৭ পয়সা। এর সঙ্গে ৫ টাকা ফ্লাইওভার টোল যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫১ টাকা ১৭ পয়সা। কিন্তু তখনও যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, বাসদের সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, বাসদের জেলা সদস্য মাহমুদ হোসেনসহ আরও অনেকে।

সম্পর্কিত বিষয়: