নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৪৯, ৯ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে সচেতন করতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ। 

 

শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়া এলাকায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

মানববন্ধনে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রচার করা ব্যানারে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সচেতনতা গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

 

কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, পানির পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপ্রয়োজনীয় পাত্র উল্টে রাখা এবং নালা-নর্দমা পরিষ্কার রাখার বিষয়েও সচেতন করা হয়।

 

এ ছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে দিনের বেলায়ও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। মশা নিধনে অনুমোদিত ক্রিম বা লোশন ব্যবহার এবং ঘরের ভেতরে ও বাইরে মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

 

এ বিষয়ে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়, এ জন্য পরিবার, প্রতিবেশী ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

 

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, উপদেষ্টা নিউজ টুয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু প্রমুখ।

সম্পর্কিত বিষয়: