নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩০ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৬, ২২ আগস্ট ২০২৪

সোনারগাঁয়ে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ 

সোনারগাঁয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।  দগ্ধরা হলেন- হাবিবুর রহমান (৫৫) ও তার স্ত্রী লায়লা বেগম (৫০) ও ছেলে রিফাত হোসেন (২৫)। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে লায়লার ৭০ শতাংশ তার স্বামী হাবিবুর রহমানের ৩০ শতাংশ ও ছেলে রিফাতের ২০ শতাংশ পুড়ে গেছে। লায়লা বেগমের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার (২২ আগস্ট) মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামে এ ঘটনা ঘটে। 

জানাগেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামের কবির মিয়ার ভাড়াটিয়া লায়লা বেগম গত বুধবার রাতে গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ফজর নামাজ পড়ে লায়লা বেগম গ্যাসের চুলা জ্বালাতে আগুন দিলে ঘরের মধ্যে বাতাসে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। 

এতে ঘরে থাকা লায়লা বেগম, তার স্বামী হাবিবুর রহমান ও ছেলে রিফাত হোসেনের গায়ে আগুন লেগে দগ্ধ হয়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।