নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০১ জুলাই ২০২৬

রুপগঞ্জের পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, গঠন হবে ডিএমপির স্বতন্ত্র বিভাগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:২২, ১ জুলাই ২০২৬

রুপগঞ্জের পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, গঠন হবে ডিএমপির স্বতন্ত্র বিভাগ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অধীনে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরে নবনির্মিত ক্যাম্পটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ আহমদ, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, রাজধানী ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নতুন এ শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে ১ নম্বর সেক্টরে বরকাউ পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পূর্বাচলে ডিএমপির একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল নিয়োগের প্রস্তাব রয়েছে।

আইজিপি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শি পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে। এর ফলে ডিএমপির কার্যক্রম পূর্বাচল পর্যন্ত সম্প্রসারিত হবে এবং সরকারের পরিকল্পিত আধুনিক নগরায়ন বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য সরকার নীতিগতভাবে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এসব স্থাপনা চালু হলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সম্পর্কিত বিষয়: