নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে বাজার কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:১৮, ৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে বাজার কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাপুরা বাজার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা বাতেন পারভেজসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (৫ জুলাই) দুপুরে ইছাপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে বাজারের দক্ষিণ পাশে একটি খোলা জায়গায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে টেবিল চাপড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাজারে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করেন।

আহত ব্যবসায়ী ও যুবদল নেতা বাতেন পারভেজ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে ইছাপুরার বাসিন্দা রাসেল ভূঁইয়ার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

তিনি দাবি করেন, হামলার সময় রাসেল ভূঁইয়া পিস্তলের বাট দিয়ে তার বাম চোখে আঘাত করেন। এছাড়া হামলাকারীরা তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে রাসেল ভূঁইয়া, রিপন ও অতুল পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল ভূঁইয়া। তিনি বলেন, বৈঠকে টেবিল চাপড়ানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। বাজারে দোকান না থাকা সত্ত্বেও বাতেন পারভেজ কমিটিতে থাকতে চাইলে সাধারণ ব্যবসায়ীরা আপত্তি জানান। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ বলেন, বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়: