নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেললো যুবদল নেতা, হামলায় আহত ১০

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫১, ১২ জুলাই ২০২৬

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের  সামনে বালু ফেললো যুবদল নেতা, হামলায় আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে হামলার শিকার হয়ে এক ব্যবসায়ী, তার স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

রোববার (১২ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আয়নাল হক তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি।

 

ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন মোল্লার অভিযোগ, যুবদল নেতা আয়নাল হক দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে রোববার ভোরে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলে রাখা হয়। বিষয়টি জানতে পেরে তিনি, তার স্ত্রী ও স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তিনি, তার স্ত্রী পারভীন সুলতানা, মোমেন, সুমন, রোকন, হাসান, জাকারিয়াসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

 

আহত পারভীন সুলতানাও একই অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলা হয় এবং প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আয়নাল হক। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা চাঁদাবাজি ও হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার দাবি, ২০১৮ সালে ব্যবসায়ী নয়ন মোল্লা তাদের একটি জমি বায়না করলেও দীর্ঘ আট বছরেও জমি বুঝে নেননি। ওই জমিতেই তিনি বালু ফেলেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: