নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাপ-দাদার ভিটেমাটি রক্ষার দাবিতে এবং কথিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। তারা অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ, দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, জমির মালিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রূপগঞ্জ অফিসার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুবক্কর সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, আহসানুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল, সামাজিক সংগঠনের নেতা ইউসুফ চৌধুরীসহ অন্যান্য বক্তারা।
ভুক্তভোগী ও রূপগঞ্জ অফিসার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুবক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, কায়েতপাড়া এলাকায় একটি আবাসন কোম্পানি কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি কিনে কয়েকটি গ্রাম জোরপূর্বক বালু দিয়ে ভরাট করেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং বছরের অধিকাংশ সময় এলাকাবাসী বালুমিশ্রিত পানির কারণে দুর্ভোগে পড়ছেন।
অন্যান্য বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী আবাসন কোম্পানি দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমির প্রকৃত মালিকদের হুমকি-ধামকি দিয়ে জমি দখলের অপচেষ্টা করা হচ্ছে, যার কারণে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে দখলচেষ্টা বন্ধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে ঘোষিত ৯ দফা দাবির মধ্যে জমি দখল বন্ধ, ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়া, অবৈধ ভরাট কার্যক্রম বন্ধ এবং দখলচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি গুরুত্ব পায়।


































