নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মিনার বাড়ি এলাকায় কুখ্যাত মাদক সম্রাট ও সন্ত্রাসী সজিব প্রধান ওরফে ‘কুড়াল সজিব’-এর নেতৃত্বে বেপরোয়া হয়ে উঠেছে এক অপরাধী চক্র। রঙ বদলে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় নেওয়ার পাশাপাশি কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা থেকে শুরু করে ভাড়ায় খুন-খারাবির মতো ভয়ংকর সব অপকর্ম চালিয়ে যাচ্ছে এই সজিব ও তার বাহিনী। দীর্ঘদিনের এসব অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠলেও প্রাণভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনার বাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে সজিব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেছিল। তবে গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর সে রাতারাতি খোলস বদলে নিজেকে বিএনপি নেতা ও সমর্থক হিসেবে দাবি করা শুরু করেছে। রাজনৈতিক পরিচয় পরিবর্তন করলেও তার অপরাধের চিত্র বদলায়নি, বরং কিশোর গ্যাং বানিয়ে সে নিজের ত্রাসের রাজত্ব আরও ভারী করেছে।
অভিযোগ রয়েছে, সজিব ও তার সহযোগীরা কেবল মিনার বাড়ি এলাকাতেই সীমাবদ্ধ নয়, আশপাশের বিভিন্ন এলাকাতেও ভাড়ায় গিয়ে সন্ত্রাসী হামলা পরিচালনা করে। কয়েক বছর পূর্বে পার্শ্ববর্তী শাসনের বাগ এলাকার ইটভাটা মালিক মোতালেব মিয়াকে দলবল নিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগও রয়েছে এই কুখ্যাত সজিবের বিরুদ্ধে। এছাড়া রাতের আঁধারে মিনার বাড়ি এলাকার সড়কে যাতায়াতকারী পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করা তাদের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, রাজনৈতিক ডামাডোলে অনেক চিহ্নিত অপরাধী গ্রেফতার হলেও সজিব কীভাবে প্রতিনিয়ত বহাল তবিয়তে আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছে তা তাদের বোধগম্য নয়। সরকার ও রাজনৈতিক পটপরিবর্তন হলেও সজিবের অপরাধের কাছে তারা এখনো জিম্মি হয়ে আছেন।
এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সজিবসহ তার পুরো গ্যাংকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন মিনার বাড়ির ভুক্তভোগী অধিবাসীরা।


































