নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ এলাকাবাসী। এতে বিশ্বরোড, তারাব, বরাবরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য ও ময়লা-আবর্জনা নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। প্রায় তিন বছর ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
ভুক্তভোগীরা জানান, বৃষ্টির সময় ময়লা-আবর্জনা ধুয়ে আশপাশের বাড়িঘরে ঢুকে পড়ে। ময়লার ভাগাড়ের আশপাশে তিন শতাধিক পরিবার বসবাস করছে। দীর্ঘদিনের দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পরিবারের সদস্যরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
এ ছাড়া মহাসড়কের একাংশ ময়লা-আবর্জনায় দখল হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা।
বিক্ষোভকারীরা আবাসিক ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা থেকে ময়লার ভাগাড়টি দ্রুত অপসারণ করে নির্জন স্থানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর সামাজিক ও রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।


































