নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযানে একটি দেশীয় পাইপগানসহ ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ।
র্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইমন খলিফাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করছিলেন।
র্যাবের দাবি, পরে ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা অস্ত্রসহ তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


































