নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬

মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই-ডাকাতির বিরুদ্ধে এসপির কঠোর বার্তা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই-ডাকাতির বিরুদ্ধে এসপির কঠোর বার্তা

নারায়ণগঞ্জের বন্দর থানায় রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ সময় বন্দর থানার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য নেন তিনি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিএনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার জিহাদ হোসেন, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি শেখ সুমন এবং নাগরিক টেলিভিশনের বন্দর প্রতিনিধি ইমন।

সাংবাদিকরা বন্দর থানার বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি, মাদক ব্যবসা ও সেবন, কিশোর গ্যাং, ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বন্দর থানায় ওসি মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের কার্যক্রম নিয়েও মতামত দেন তারা।

এসপি মো. হাবিবুর রহমান বলেন, মাদক, মাদকসেবী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে অভিযান আরও জোরদার করার কথাও জানান তিনি।

মাদক নির্মূল প্রসঙ্গে এসপি বলেন, মাদকসেবী না থাকলে মাদক বিক্রির বাজারও থাকবে না। তাই মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “মাদকসেবীরা যতবার বের হবে, পুলিশ ততবারই তাদের গ্রেপ্তার করবে। নারায়ণগঞ্জ থেকে মাদকের শিকড়সহ মাদক নির্মূল করতে কঠোরভাবে কাজ করা হবে।”

এসপি হাবিবুর রহমান আরও বলেন, নারায়ণগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাং, ছিনতাইকারী কিংবা ডাকাতকে অপরাধ করে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় ও জবাবদিহিমূলকভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পাওয়া তথ্যগুলো আমলে নিয়ে বন্দর থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি ও অভিযান জোরদারের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার।

স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের এই কঠোর অবস্থান বাস্তবে কার্যকর হলে বন্দর এলাকার মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্পর্কিত বিষয়: