নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লা পাইলট স্কুলের এসএসসি  পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লা পাইলট স্কুলের এসএসসি  পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি -২০২৬ পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা, নিয়মিত পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এ সময় পরীক্ষার প্রস্তুতিতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও অভিভাবকদের নজর রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে। তাদের সমস্যাগুলো বুঝে পড়াশোনায় উৎসাহিত করতে পারলে শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটানো সম্ভব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা পলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য তুষার আহম্মেদ মিঠু, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ, দিবা শাখার শিফটিং ইনচার্জ শারমিন সুলতানা, প্রভাতি শাখার শিফটিং ইনচার্জ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক নুরল কবির, মো. মুজিবুর রহমান, আবু হানিফ ও সহকারী শিক্ষক সম্পা আক্তার।