নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ট্রলার ডুবি: দ্বিতীয় দিনেও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ট্রলার ডুবি: দ্বিতীয় দিনেও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনেও একই পরিবারের নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লার হোমনা এলাকা থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বজনরা ট্রলারে করে সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হন। সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে রায়েশা বেগম (৫৫) নামে এক নারীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিখোঁজ চারজন হলেন—হেলাল উদ্দিন, তার ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) এবং পাঁচ বছর বয়সী ছেলে সামিন হোসেন। তারা একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঢাকার ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায়। অন্ধকার ও নদীর পরিস্থিতির কারণে রাতে অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাশাপাশি কোস্ট গার্ডের সদস্যরাও নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালান। দিনভর অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেলেও নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। ট্রলারের ভেতর থেকে দুটি গরু ও একটি খাসির মরদেহ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অন্ধকারের কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার সকাল থেকে পুনরায় ডুবুরি দল অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্ট গার্ডও উদ্ধার কাজে অংশ নেয়। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ট্রলারডুবির ঘটনায় বিয়ের অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। নিখোঁজদের স্বজন ও পরিবারের সদস্যরা মেঘনা নদীর তীরে অপেক্ষা করছেন। স্বজনদের মধ্যে এখনো উৎকণ্ঠা বিরাজ করছে।

সংশ্লিষ্ট উদ্ধারকারী দল জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: