নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১০, ৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিক্ষোভরত পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ সংঘর্ষের সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে।

পুলিশ বলছে, মঙ্গলবার বিকেলে শ্রমিকেরা ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও ভুইগড় এলাকায় সড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এর আগে বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।