নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ২টায় ইসদাইর এলাকায় রতন ডাইং কারাখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত ও পাশা। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীর ও মুখমণ্ডল দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান তাঁরা। পরে সেখানে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর।
এদিকে জাতীয় বান্ড এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আসেন। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


































