নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

কৃষক দল থেকে বহিষ্কারের পর জুয়েল আরমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৯, ২০ নভেম্বর ২০২৬

কৃষক দল থেকে বহিষ্কারের পর জুয়েল আরমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও এক যুবক নিহতের ঘটনায় মামলার আসামি হয়েছেন ফতুল্লা থানা কৃষক দলের বহিষ্কৃত সভাপতি জুয়েল আরমান। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মামলায় জুয়েল আরমানসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী নিলুফা আক্তার মিনু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার অন্য আসামিরা হলেন—কাদের, আহমদ (৫০), জনি (২২), মনির (২৫), নাহিদ (২৪), হৃদয় হোসেন (২৮) ও শাকিল গাজী (৩০)। এ ঘটনায় এজাহারনামীয় আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে বের হন জুয়েল আরমানসহ তার সহযোগীরা। পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় ইসদাইর রসুলবাগের প্রবেশমুখের একটি গলিতে বৈষম্যবিরোধী মামলার আসামি দেলোয়ার ওরফে দেলু ডাকাতকে দেখতে পান তারা। তাকে ধরতে গলিতে প্রবেশ করলে আগে থেকে অপেক্ষায় থাকা দেলু, তার দুই ছেলে শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদারসহ ২০ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ ও কাঠের ডাসা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

 

এ সময় পাল্টা প্রতিরোধের চেষ্টা করেও সংখ্যায় কম থাকায় হামলার শিকার হন তারা। এতে থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম, সোহেলসহ সাত থেকে আটজন রক্তাক্ত জখম হন। গুরুতর আহত জুয়েল আরমানকে সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার ওপর হামলার খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে তাকে দেখতে যান।

 

এরপর একই দিন রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ ওঠে। এ সময় ইউসুফ নামে এক যুবক মোবাইল ফোনে হামলার দৃশ্য ধারণ করছিলেন। হামলাকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় গাড়িচালক ইউসুফ আট মাস আগে নাহিদা ইয়াসমিনকে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। স্ত্রীকে নিয়ে তিনি ফতুল্লার শিয়াচর এলাকায় নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

 

এদিকে জুয়েল আরমানের ওপর হামলার ঘটনায় বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষক দল নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জুয়েল আরমানকে বহিষ্কারের কথা জানানো হয়।

 

নিহত ইউসুফের মরদেহ বুধবার বিকেলে শিয়াচর এলাকায় নিয়ে আসা হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল আরমান জানান, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তার মাথায় গুলি লেগেছিল। মঙ্গলবারের হামলায় তার মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয় এবং লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত নন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

দেলুর বাড়িতে হামলার বিষয়ে তিনি দাবি করেন, ওই রাতে কারা বাড়িতে হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তার ধারণা, দলের বদনাম করতে তৃতীয় কোনো পক্ষ অথবা তার ওপর হামলার ঘটনায় অতি উৎসাহী হয়ে কিছু বিপথগামী কৃষক দলকর্মী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে হামলার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে জুয়েল আরমানসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় আসামি শাকিলকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

নিহত ইউসুফের হত্যা মামলা প্রসঙ্গে ওসি জানান, পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে মরদেহ দাফন সম্পন্ন করেছেন। আগামীকাল শনিবার থানায় এসে হত্যা মামলার এজাহার দায়ের করবেন বলে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।