নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মো. মনির হোসেন (৪০), যশোরের চৌগাছা উপজেলার সিংহজুলি গ্রামের মো. জামিল হোসেনের ছেলে মো. রাব্বী হোসেন (২৬) এবং কুমিল্লার সদর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে ও মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৬)।
পুলিশ জানায়, রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল কামালনগর এলাকায় অভিযান চালায়। এ সময় মনির হোসেনের একতলা ভবনের পশ্চিম পাশে একটি কক্ষ থেকে ১০ বোতল উইনসেরেক্স ও ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, মনির হোসেনের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার মজলিশপুর গ্রাম হলেও তিনি বর্তমানে রূপগঞ্জের তারাব পৌরসভার কামালনগর এলাকায় বসবাস করেন। রাব্বী হোসেনের স্থায়ী ঠিকানা যশোরের চৌগাছা উপজেলার সিংহজুলি গ্রাম। তিনি কামালনগরে দেলোয়ার নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আমেনা বেগমের স্থায়ী ঠিকানাও কুমিল্লার সদর উপজেলার মজলিশপুর গ্রাম। তার বর্তমান ঠিকানা কামালনগর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































