নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওমরাহ হজযাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি একটি ফ্ল্যাটের বাথরুমের ফলস সিলিংয়ের নিচে লুকিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুই দিনের পুলিশ রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন ফিনলে আবাসিক এলাকার ইয়াদ আলী পার্কসংলগ্ন একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।
গ্রেপ্তার রবিউল হোসেন চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার রেজাউল করিমের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের দক্ষিণ খুলশী এলাকায় বসবাস করতেন।
পিবিআই সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র স্বত্বাধিকারী মো. আল আমিন দীর্ঘদিন ধরে ওমরাহ যাত্রীদের সেবা দিয়ে আসছেন। ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে রবিউলসহ ছয়জনের একটি চক্র সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট সরবরাহের কথা বলে তার সঙ্গে ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে।
চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে আল আমিন তার ডাচ্-বাংলা ব্যাংকের কাঁচপুর শাখার হিসাব থেকে রবিউলের ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা জমা দেন।
কিন্তু চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইনসের টিকিট না দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে মাত্র ৯ জনের আসা-যাওয়ার টিকিট এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট সরবরাহ করে চক্রটি। এসব যাত্রীর ফিরতি টিকিট না দেওয়ায় নিজ খরচে ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করে তাদের দেশে ফিরিয়ে আনতে হয়। এ ছাড়া চুক্তি অনুযায়ী বাকি ১৬৯টি টিকিট, যার মূল্য ১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকা, সরবরাহ করা হয়নি। এতে সব মিলিয়ে বাদীর ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় টাকা ফেরত চাইলে গত বছরের ২৫ ডিসেম্বর আসামিরা সোনারগাঁয়ে আল আমিনের অফিসে গিয়ে তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। পরে তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিলে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলা হয়।
পিবিআই জানায়, মামলাটি গত ১৯ অক্টোবর স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে তদন্ত শুরু করে সংস্থাটি। পিবিআই নারায়ণগঞ্জ জেলার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিউলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউল ও তার সহযোগীরা মিলে ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার কথা বলে প্রায় সোয়া দুই কোটি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই। প্রাথমিক তদন্তে রবিউলের নামে বিভিন্ন ব্যাংকের নয়টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের তথ্যও পাওয়া যাচ্ছে। আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
পিবিআই আরও জানায়, প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার সময় ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য চক্রের সদস্যরা সমপরিমাণ টাকার বিভিন্ন ব্যাংকের চেক দিতেন। রবিউলের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামালের নির্দেশনায় মামলাটির তদন্ত চলছে।
প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।


































