নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ডিসি-এসপির সঙ্গে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৮, ২৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ডিসি-এসপির সঙ্গে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

ছয় দফা দাবি আদায় এবং গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। এ কর্মসূচি উপলক্ষে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান ও পথসভা আয়োজনের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি দিয়েছেন জোটের জেলা ও মহানগর শাখার নেতারা।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়।

 

স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচি সম্পর্কে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করতেই স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে লংমার্চ পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ভবিষ্যতে ঢাকা থেকে সিলেট, রংপুর ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

মাওলানা আবদুল জব্বার জানান, ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা পথসভায় অংশ নেবেন। সেখানে জোটের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উপস্থিত থেকে গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবি জানাবেন বলে জানান তিনি।

 

১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি

 

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বরের লংমার্চে ছয়টি প্রধান দাবি তুলে ধরা হবে। দাবিগুলো হলো—

 

১. গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন।

২. জুলাই গণহত্যার বিচার।

৩. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।

৪. বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন।

৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ।

৬. সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

 

লংমার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় সকাল ৭টায় পথসভা ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে কর্মসূচি সফল করতে নেতারা সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক শওকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি আল-আমিন, লেবার পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক আবদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গিয়াসউদ্দিন, মহানগরী জামায়াতের সেক্রেটারি প্রকৌশলী মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং মহানগরী মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিনসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।