নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

যে কারণে এমপি আল আমিনকে নিয়ে জামায়াত-শিবিরের ক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৬, ৯ নভেম্বর ২০২৬

যে কারণে এমপি আল আমিনকে নিয়ে জামায়াত-শিবিরের ক্ষোভ

একসময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। পরবর্তীতে গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টির নেতা হন তিনি। এসব বিষয়ে 

সম্প্রতি ডেল্টা লেন্সের একটি পডকাস্টে নিজের রাজনৈতিক অতীত ও জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি। যেখানে তিনি বলেন, জামাত-শিবিরের পলিটিক্স এই অঞ্চলের মানুষের জন্য ফিজিবল বা পজিটিভ না। 

তার এমন বক্তব্য ঘিরে নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত-ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা ও অনুসারীরা। পরে জামায়াতের নেতারাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিয়ে শহরের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনের শুরুতে জামায়াতের নিজস্ব প্রার্থী ছিলেন দলটির মহানগর আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল জব্বার। পরে এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনী সমঝোতা হলে আসনটি ছেড়ে দেয় দলটি। সমঝোতার অংশ হিসেবে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেয় জামায়াত। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, নির্বাচনের আগে জব্বারের গড়ে তোলা সাংগঠনিক অবস্থান এবং জামায়াতের ভোট আল আমিনের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। ফলে নির্বাচনে জয়ী হওয়ার পর জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে তার সমালোচনামূলক বক্তব্যকে ভালোভাবে নিচ্ছেন না দল দুটির অনেক নেতা-কর্মী ও সমর্থক।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ছাত্রশিবিরের নেতা-কর্মী ও অনুসারীরা। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা ও অনুসারীরা নিজেদের ফেসবুক পোস্টে আল আমিনের বক্তব্যের সমালোচনা করেছেন। অমিত হাসান লিখেন, আমি ছোট মানুষ, ছোট মাথায় ভারী কথা বুঝতে পারিনা। কেউ একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন প্লিজ! তার পোস্টর মন্তব্যে ক্ষোভের প্রকাশ দেখা গেছে। পরে জামায়াতের নেতারাও এ নিয়ে প্রতিক্রিয়া জানান। 

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে আল আমিনকে কটাক্ষ করে লেখেন, ‘কার উছিলায় ফিন্নি খাইলা মোল্লা চিনোনা।’ তাঁর একটি মন্তব্যে ছিল, ‘মেম্বারি পাস করার মুরাদ নাই। যাদের ভোটে এমপি হয়েছে এখন তাকেই চিনেনা।’পলাশ রহমান নামক এক ফেসবুক ব্যবহারকারী ছাত্রশিবিরের মিছিলে থাকা এমপির অতীত একটি ছবি পোস্টে লিখেন, "এখন এমপি আল আমিন, ছিল শিবিরের নেতা। ২৪ এর আগষ্টের আগেও ছিল শিবির নেতা। ২৪ এর পর হয়ে গেল এনসিপি নেতা। জামায়াতের যে প্রার্থী ছিল সে ছিল শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। জামায়াত তাকে বসিয়ে দিয়ে এলাকার ছিসকে নেতাকে সমর্থন দিল। কারণ তারা জোট করেছে। ভোটে জিতলো জামায়াত শিবিরের নেতা কর্মীদের পরিশ্রমে। এমপি হয়ে এখন বলে মুই কি হনুরে। আহ বেইমান, মুনাফেক। যাদের কারণে এমপি হইলি, তাদের বলিস - তুমি কে? জামায়াত সমর্থন না দিলে আগামী নির্বাচনে একটা কমিশনার হইতে পারবি না। অথচ....."

ডেল্টা লেন্সের পডকাস্টে অংশ নিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, জামায়াতের রাজনীতি বাংলাদেশের জন্য ইতিবাচক নয় বলে মনে করেন তিনি। একসময় সংগঠনটির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৬-১৭ সালে ছাত্রশিবির থেকে পদত্যাগ করেন। তার দাবি, গণঅভ্যুত্থানের অনেক আগেই সংগঠনটির রাজনীতির সঙ্গে নিজের আদর্শিক দূরত্ব তৈরি হয়েছিল।

পডকাস্টে নিজের রাজনৈতিক জীবনের শুরু তুলে ধরে আল আমিন বলেন, তার বাবা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধিত্ব করেছেন। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন তিনি। সেখান থেকেই ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা তৈরি হয়। ২০১৩ সালে হেফাজত ও জামায়াত-শিবির-সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হন। 

তিনি বলেন, ‘আমার মনে হলো, জামায়াতের রাজনীতি বাংলাদেশের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য ইতিবাচক নয়। আওয়ামী লীগ আর জামায়াত, দুটোকেই আমার কাছে জনগণ থেকে বিচ্ছিন্ন রাজনীতি মনে হতো। একটা ফ্যাসিস্ট ধাঁচের, আরেকটা আদর্শের খোলসে আটকা।’

এছাড়া জামায়াত বা বিএনপির কাছ থেকে কর্মী সংগ্রহ না করে নারায়ণগঞ্জে নিজস্ব সাংগঠনিক ভিত্তি তৈরি করেছেন বলে দাবি করেন আল আমিন। তার ভাষ্য, এলাকার প্রভাবশালী পরিবারগুলোর তরুণদের নতুন রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যারা এনসিপিতে এসেছেন, তারা দলের রাজনীতির প্রতি আগ্রহ থেকেই যুক্ত হয়েছেন।

আল আমিন বলেন, ‘আমি কারও কাছে “আমাকে দশজন লোক দাও” বলে যাইনি, না জামায়াতের কাছে, না বিএনপির। খুঁজেছি এলাকার প্রভাবশালী পরিবারগুলো, আর সেই পরিবারের কোন ছেলে নতুন রাজনীতি চায়।’

আল-আমিন বলেন, নারায়ণগঞ্জে জামায়াতবিরোধী অবস্থান নেওয়ার প্রসঙ্গে আল আমিন বলেন, নারায়ণগঞ্জে দলের স্বার্থে জামায়াতবিরোধী অবস্থান নিলেও আমার কর্মীসংকট হবে না।

তিনি বলেন, নতুন সংগঠন গড়ে তোলার পাশাপাশি নারায়ণগঞ্জে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়েছে তাকে। আল আমিন বলেন, সকালে নারায়ণগঞ্জে সময় দিয়ে পরে ঢাকায় দলের কার্যালয়ে যেতেন। রাতে যত দেরিই হোক, আবার নারায়ণগঞ্জে ফিরতেন। তার মতে, দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং নতুন সংগঠনের ভিত্তি তৈরি করা সহজ ছিল না।

জামায়াতের সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলে আল আমিন বলেন, জামায়াতের প্রার্থীকে ছাড় দেওয়ার কোনো কারণ ছিল না।

সম্পর্কিত বিষয়: