বাংলার ইতিহাস ও ঐতিহ্যের কথা উঠলেই যে ক’টি জনপদের নাম গভীর শ্রদ্ধায় উচ্চারিত হয়, তাদের মধ্যে সোনারগাঁও অন্যতম। নারায়ণগঞ্জ জেলার এই প্রাচীন জনপদ শুধু রাজধানী, বন্দর কিংবা বাণিজ্যের কেন্দ্র হিসেবেই নয় -শিক্ষা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশেও দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইতিহাসের নানা বাঁকে বাঁকে সোনারগাঁও ছিল শিক্ষিত সমাজ, সংস্কৃতিবান মানুষ ও মননশীল নেতৃত্ব তৈরির উর্বর ভূমি।
মধ্যযুগে সোনারগাঁও ছিল বাংলার একটি প্রশাসনিক ও সাংস্কৃতিক রাজধানী। এখানে গড়ে উঠেছিল মক্তব, মাদ্রাসা, টোল ও পাঠশালা যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভাষা, গণিত, দর্শন ও নীতিশাস্ত্র শেখানো হতো। শিক্ষার এই বহুধাবিভক্ত চর্চা সোনারগাঁওকে পরিণত করেছিল জ্ঞানানুসন্ধানের এক আলোকিত কেন্দ্র হিসেবে। সোনারগাঁওয়ের শিক্ষা কেবল প্রাতিষ্ঠানিক পাঠেই সীমাবদ্ধ ছিল না বরং লোকজ সংস্কৃতি, কারুশিল্প ও জীবনদর্শন ছিল শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। নকশিকাঁথা, তাঁতশিল্প, লোকগাথা ও সংগীত—সবকিছুই প্রজন্ম থেকে প্রজন্মে শেখানো হতো অভিজ্ঞতার মাধ্যমে। এই মানবিক ও ব্যবহারিক শিক্ষা মানুষকে করে তুলেছিল আত্মনির্ভরশীল ও মূল্যবোধসম্পন্ন।
ব্রিটিশ শাসনামলে সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রসার ঘটে। নারীশিক্ষার প্রতিও ধীরে ধীরে গুরুত্ব বাড়তে থাকে। স্থানীয় শিক্ষানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে সামাজিক জাগরণের কেন্দ্র। আজও সোনারগাঁওয়ের প্রতিটি ইট-পাথর ইতিহাসের কথা বলে। পানাম নগর ও লোকশিল্প জাদুঘর কেবল পর্যটনস্থল নয়—এগুলো আমাদের শিক্ষার ইতিহাসের নীরব দলিল। এসব স্থাপনা আমাদের শেখায় ইতিহাসকে জানতে, ঐতিহ্যকে সম্মান করতে এবং ভবিষ্যৎ নির্মাণে প্রজ্ঞা অর্জন করতে। সমকালীন শিক্ষায় বর্তমান সোনারগাঁওয়ে সরকারি-বেসরকারি বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজসমূহ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে শহরে। তথ্যপ্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি হয়েছে আরও বিস্তৃত। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সেতুবন্ধন—এটাই সোনারগাঁওয়ের শিক্ষার প্রধান শক্তি।
সোনারগাঁওয়ের শিক্ষার ইতিহাস আমাদের শেখায়—শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের নাম নয় বরং এটি মানবিকতা, সংস্কৃতি ও দায়িত্ববোধের চর্চা। অতীতের গৌরবকে ধারণ করে বর্তমানের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই সোনারগাঁওয়ের শিক্ষার ঐতিহ্য। এই আলোকিত ধারাই আগামীর প্রজন্মকে করবে আরও সচেতন, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক।
সোনারগাঁও কেবল স্থাপনা বা রাজধানীর ইতিহাসেই সমৃদ্ধ নয়—এই জনপদ জন্ম দিয়েছে বহু জ্ঞানী, দানশীল ও মননশীল মানুষকে। হাজী মুহাম্মদ মহসিন (১৭৩২–১৮১২) বাংলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দানবীরদের একজন হাজী মুহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন সোনারগাঁও অঞ্চলে। শিক্ষা, মাদ্রাসা, এতিমখানা ও মানবকল্যাণে তাঁর দান আজও বাংলার শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বিশ্বাস করতেন— “শিক্ষাই সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার।” সুলতানি আমলে সোনারগাঁও ছিল ইসলামি শিক্ষা ও জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র।
পানাম নগর শুধু একটি পরিত্যক্ত নগরী নয়, এটি ছিল এক সময়ের ব্যবসা, স্থাপত্য ও সামাজিক শৃঙ্খলার প্রতীক। এটি আমাদের জন্য একটি খোলা পাঠ্যবই। পানাম আমাদের শেখায়— ইতিহাসকে সংরক্ষণ না করলে সভ্যতা হারিয়ে যায়। শিক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি একে অন্যের পরিপূরক। স্থাপত্য ও নগর পরিকল্পনাও শিক্ষার অংশ। পানামের প্রতিটি ভবন আমাদের শিক্ষিত সমাজকে মনে করিয়ে দেয় ইতিহাস থেকে শিক্ষা নেয়ার কথা। পানাম নগর আমাদের শেখায় কেবল অর্থনৈতিক সমৃদ্ধিই সভ্যতাকে টিকিয়ে রাখতে পারে না।
বাংলাদেশ লোকশিল্প জাদুঘর আমাদের শেখায় বইয়ের বাইরের শিক্ষা—জীবনঘনিষ্ঠ, সৃজনশীল ও মানবিক শিক্ষা। এখান থেকে শিক্ষার্থীরা শিখতে পারে— দেশীয় শিল্প ও সংস্কৃতির গুরুত্ব। আত্মপরিচয় ও শিকড়ের সঙ্গে সংযোগ, সৃজনশীলতা ও নান্দনিক বোধ। এই জাদুঘর প্রমাণ করে—শিক্ষা মানেই শুধুই শ্রেণিকক্ষ নয়, সংস্কৃতি ও ঐতিহ্যও শিক্ষার শক্তিশালী মাধ্যম। সোনারগাঁও আমাদের শেখায়—শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন তা ইতিহাস, মানবিকতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়। এই জনপদের শিক্ষা-ঐতিহ্য নতুন প্রজন্মকে শুধু পরীক্ষায় উত্তীর্ণ হতে নয়, বরং মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করে।
সোনারগাঁও পাইলট উচ্চ বিদ্যালয় সোনারগাঁও উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়। এটি সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার ভিত্তি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে।সোনারগাঁও ডিগ্রি কলেজ উচ্চশিক্ষা বিস্তারে সোনারগাঁওয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বারদী এম এল উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক বারদী অঞ্চলে অবস্থিত এই বিদ্যালয়টি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারগাঁও অঞ্চলের প্রাচীন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। এগুলো ছাড়াও বর্তমানে সোনারগাঁও উপজেলায় সরকারি -বেসরকারি অনেক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
লেখক-
ড. মো: বিল্লাল হোসেন
উপাধ্যক্ষ
মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ
কাঁচপুর,সোনারগাঁও,নারায়নগঞ্জ


































