নারায়ণগঞ্জের বন্দরে ২ হাজার ৯০০ পিস ইয়াবা, সাড়ে ৬ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৪ লাখ ৩১ হাজার ৬৮০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নারী হলেন- মাফিয়া বেগম (৫৫)। সে বন্দরের হেদায়েত পাড়া এলাকার ইসলাম মিয়ার স্ত্রী।
র্যাব জানায়, আটক হওয়া মাফিয়া বেগম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা থেকে বড় আকারের মাদকের চালান সংগ্রহ করে তিনি অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


































