নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে ‘শহীদ জিয়া হল’ পুনঃনির্মাণের আবেদন সানির

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৬, ৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে ‘শহীদ জিয়া হল’ পুনঃনির্মাণের আবেদন সানির

নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ পুনঃনির্মাণের দাবিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছে আবেদন জানানোর পর এবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।

গত (৩ মার্চ) মঙ্গলবার রাজধানী ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি এ আবেদন করেন। 

প্রসঙ্গত, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে হলটি পুনঃনির্মাণের জন্য আবেদন করেন তিনি। উক্ত আবেদনের অনুলিপি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য ভবনের প্রধান স্থপতি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানিয়ে গত (৩ মার্চ) মঙ্গলবার রাজধানী ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করেন আনিসুল ইসলাম সানি। উল্লেখ্য, ‘শহীদ জিয়া হল’টি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং নারায়ণগঞ্জ জেলা প্রসাশনের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে রয়েছে। 

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া তার লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ দীর্ঘদিন ধরে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জননিরাপত্তা ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন 'শহীদ জিয়া হল’ কমপ্লেক্স হিসেবে হলটি পুনঃনির্মাণ জরুরি বলে তিনি দাবি জানান। কমপ্লেক্সটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জবাসী পাবে একটি অত্যাধুনিক সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র, যেখানে নতুন প্রজন্ম ইতিহাস, আদর্শ ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত হবে এবং শিল্পী, কবি-সাহিত্যিক, নাট্য ও সাংস্কৃতিককর্মী এবং সংগঠনগুলো পাবে একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম।

প্রস্তাবনায় কার পার্কিংয়ের জন্য দ্বিতীয় তলা বিশিষ্ট বেইজমেন্ট, একাধিক লিফট ও সিঁড়ির ব্যবস্থা রাখাসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০ থেকে ৭০০ আসন বিশিষ্ট একটি এবং ১২০০ থেকে ১৫০০ আসন বিশিষ্ট অপর একটি মোট ২টি অডিটোরিয়াম, ছোট-বড় ২টি আর্ট গ্যালারি, ৪/৫টি ছোট-বড় সেমিনার কক্ষ এবং ১৫/২০টি নাটক ও সাংস্কৃতিক চর্চার জন্য মহড়া কক্ষের কথা উল্লেখ করেন তিনি।

আনিসুল ইসলাম সানি বলেন, “শহীদ জিয়া হল নারায়ণগঞ্জবাসীর আবেগ ও ইতিহাসের অংশ। দ্রুত পুনঃনির্মাণের মাধ্যমে এটিকে একটি আধুনিক ‘শহীদ জিয়া হল কমপ্লেক্স’ হিসেবে গড়ে তোলা প্রয়োজন।”

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আবেদন জানান।

সম্পর্কিত বিষয়: