নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহারের অভিযোগে বিএনপি জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ) ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী অতিথি হিসেবে উপস্থিত হন। এবং অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি ২ হাজার টাকা করে নারী ভোটারদের হাতে তুলে দিতে দেখা যায় তাকে। এ সময় তার অনুসারীরা প্রকাশ্যে ভোট প্রার্থনাও করেন।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করা আচরণবিধি লঙ্ঘন। ঘটনাস্থলে গিয়ে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রার্থীর প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনী প্রচারণার জন্য নয়। জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “কেউ যদি ভোটারদের মাঝে টাকা বিতরণ করে, সেটা অবশ্যই অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।


































