নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬

ফতুল্লায় পুলিশের ‘সোর্স’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তারের নির্দেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৩, ১১ জুন ২০২৬

ফতুল্লায় পুলিশের ‘সোর্স’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তারের নির্দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিম নগর এতিমখানা রোড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সাদ্দাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার এতিমখানা এলাকার মৃত নান্টু কসাইয়ের ছেলে সাদ্দামের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন অপরাধী ও মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার কথা বলে পুলিশের গাড়িতে চলাফেরা করে এলাকায় প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

 

তথ্যসূত্রে জানা গেছে, ( ১০ জুন) রাতে নবীনগর কবরস্থানের পাশ দিয়ে কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল ও সিফাত নামে দুই গার্মেন্টস কর্মীর পথরোধ করেন সাদ্দাম ও তার সহযোগীরা। এ সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭০০ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

 

এছাড়া একই রাত আনুমানিক ২টার দিকে প্রেমরোড এলাকায় এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে আটক করে তার কাছ থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে সাদ্দামের বিরুদ্ধে।

 

একের পর এক এমন অভিযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, সাদ্দাম একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার নেতৃত্বেই ফতুল্লার কয়েকটি এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে তাকে প্রায়ই পুলিশের পিকআপে চলাফেরা করতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের, যা পুলিশের ভাবমূর্তি ও জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন তারা।

 

এ বিষয়ে মাহাবুব জানান, সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সাধারণ মানুষকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

 

স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।