নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিউল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৩০২/২০১/৩৪, পেনাল কোড-১৮৬০।
মামলার তথ্য সূত্রে জানা যায়, গত ৩১ মে সদর নৌ থানার জিডি নং-৫৫৭-এর ভিত্তিতে পুলিশের একটি দল শীতলক্ষ্যা নদীতে টহল দিচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সংবাদ পায়, বন্দর থানার নবীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ শিপ বিল্ডার্সের সামনে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে পানিতে একটি লাশ ভাসছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক মুসলিম পুরুষের লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
পরে স্থানীয় লোকজন ও ডোম রকির সহায়তায় লাশটি নদীর তীরে তোলা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
লাশ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় এবং ঘটনাটি হত্যাকাণ্ড কি না তা তদন্তের স্বার্থে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


































