নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদীকে প্রলোভন দেখিয়ে মামলা প্রত্যাহারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সোনামিয়া (৪৮) নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১১ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে সোনামিয়ার দুই ভাতিজি স্বপ্না আক্তার (৩৫), লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় একই দিন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। মামলাটিতে লামিয়া ও স্বপ্নার বোন মুনমুন আক্তারকে মূল বাদী করা হয় এবং সোনামিয়াকে রাখা হয় সঙ্গী হিসেবে।
সোনামিয়ার অভিযোগ, মামলার পর থেকে অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলছিল। এরই মধ্যে দুই দিন আগে মামলার সঙ্গে সম্পৃক্ত মুনমুন আক্তারের স্বামী মো. রুবেলের বাসায় অভিযুক্তদের মধ্যে দুজন গিয়ে রুবেল ও মুনমুনকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, এরপর থেকে গত দুই দিন ধরে রুবেল ও মুনমুন অভিযুক্তদের সঙ্গে অবস্থান করছেন এবং পরিবারের সঙ্গে কোনো আলোচনা না করেই তারা মামলাটি প্রত্যাহারের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে নানা ধরনের টালবাহানা করা হয় বলেও অভিযোগ করেন সোনামিয়া।
অভিযোগকারীর আশঙ্কা, হত্যা মামলার মূল বাদী মুনমুন আক্তারকে টাকা বা অন্য কোনো সুবিধার বিনিময়ে অভিযুক্ত পক্ষ নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে, যাতে মামলাটি বন্ধ বা প্রত্যাহার করা যায়।
এ ঘটনায় সোনামিয়া ও তার সঙ্গে থাকা সুরুজ মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এই হত্যা মামলাটি আমি থানায় যোগদান করার আগের। অভিযোগ পেয়েছি। আমি খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।


































