নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে একই পরিবারের তিন সদস্যসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার রুহুল আমিনের ছেলে বাবুল হোসেন কবির (৫০), তার স্ত্রী উর্মি শান্তি (৪৫), ছেলে অনিক হোসেন (২২) এবং সালেহনগর এলাকার ফারুক আহমেদ ওরফে ফারুক মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৪৮)।
পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ধামগড় ফাঁড়ির পুলিশ মদনপুর ইউনিয়নের লাউসার এলাকায় অভিযান চালিয়ে বাবুল হোসেন কবির, তার স্ত্রী উর্মি শান্তি ও ছেলে অনিক হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেল ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের (খ সার্কেল) একটি দল বন্দরের সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক দুই অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিকাইল হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের (খ সার্কেল) উপপরিদর্শক মো. রাজা মিয়া বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলা দুটি হলো—বন্দর থানার মামলা নং ৮(১০)২৬ ও ৯(১০)২৬।
গ্রেপ্তার চারজনকে সোমবার (৫ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।


































