নারায়ণগঞ্জের বন্দরে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে যুবকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এসব ক্যামেরা বসানো হয়।
রোববার (৪ অক্টোবর) পরিবর্তন কালচার ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে স্থাপিত সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসি জামাল উদ্দিন বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম আরও সহজ হবে। কোনো অপরাধ সংঘটিত হলে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতেও সহায়তা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আসায় নিরাপত্তা জোরদার হবে। একই সঙ্গে কোনো অপরাধের ঘটনা ঘটলে অপরাধীদের শনাক্ত করতে এসব ক্যামেরার ফুটেজ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।


































