নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও আজমেরী ওসমানের সহযোগী মনিরুল ইসলাম রঞ্জু রওফে গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআরবি-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর।
গ্রেপ্তার ৪৪ বছর বয়সী নজরুল ইসলাম রঞ্জু নগরীর আল্লামা ইকবাল রোডের কবির হোসেনের ছেলে।
গত ২৪ আগস্ট অটোরিকশা চালক মো. জামাল (৪০) হত্যা মামলার রায়ে রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি।
২০১১ সালের ১৩ জুলাই নিখোঁজ হন চাঁদপুরের মতলবের মো. জামাল। পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক জামাল পরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়াবাসায় থাকতেন।
নিখোঁজের পাঁচ দিন পর ১৮ জুলাই শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়।
জামাল হত্যা মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
এসআরবি’র কর্মকর্তা মুহিত কবীর বলেন, রায়ের পর পলাতক আসামি রঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিকে সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’ নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি হত্যা, হত্যার পর লাশ গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।


































