নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৪ অক্টোবর ২০২৬

বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৭, ৪ অক্টোবর ২০২৬

বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি বর্তমান পলাতক রয়েছেন। 

রবিবার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি করা হয়। মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বন্দর থানার এফআইআর নম্বর ৭-এ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লার সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। অপর আসামি মো. আল আমিন কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন্দরের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে উঠে যায়।

এ সময় দোকানে বসে থাকা ইউনুস মিয়া ট্রাকের চাপায় নিহত হন। দুর্ঘটনায় দোকানমালিক সেলিম মিয়াসহ আরও কয়েকজন আহত হন।

সম্পর্কিত বিষয়: