নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৪ অক্টোবর ২০২৬

কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন, অক্ষত ড্রাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২২, ৪ অক্টোবর ২০২৬

কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন, অক্ষত ড্রাম

চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নেওয়ার সময় বিপজ্জনক রাসায়নিক বহনকারী একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে গাড়িতে থাকা রাসায়নিকের ড্রাম ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় কেউ হতাহতও হননি।

রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।

এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী বিভিন্ন ধরনের বিপজ্জনক রাসায়নিক নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডে নেওয়া হচ্ছিল। নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই বহনকারী কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানের ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়িতে থাকা রাসায়নিকের ড্রামগুলোতে আগুন ছড়ায়নি। ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাসায়নিক ধ্বংসের কার্যক্রম তদারকিতে গঠিত কমিটির সদস্যসচিব রাসেল আহমেদ বলেন, মোট ছয়টি কনটেইনার ও তিনটি কাভার্ডভ্যানে করে এসব মালামাল চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছিল। আগুন লাগা কাভার্ডভ্যানটিতে থাকা ড্রামগুলো বর্তমানে খালি ছিল। অতীতে এসব ড্রামে রাসায়নিক সংরক্ষণ করা হলেও নিরাপদভাবে ধ্বংসের জন্য সেগুলোও নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছিল।

তিনি জানান, ঘটনাটি সরেজমিনে দেখা এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটির একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি বর্তমানে কাঁচপুর থানায় রাখা হয়েছে।

এর আগে শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দর এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক রাসায়নিক সরানোর কার্যক্রম শুরু করে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ সময় বন্দর থেকে এসব রাসায়নিকভর্তি নয়টি কনটেইনার অপসারণের উদ্যোগ নেওয়া হয়।