নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কথিত ছাত্রদল নেতা ও চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী রুবেল হোসেনের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে এক সিএনজি চালককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শিবু মার্কেট এলাকার রানী মা প্লাজার নিচতলায় রুবেল হোসেনের কথিত ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে মো. জুলহাস (৪২) নামে ওই ব্যক্তিকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী জুলহাস বাদী হয়ে রুবেল হোসেন, জাহাঙ্গীর, সুমন, মাসুদ ওরফে টুন্ডা মাসুদ ও শান্তর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জুলহাস পরিবার নিয়ে ফতুল্লার সস্তাপুর এলাকায় আনোয়ারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তিনি পেশায় একজন সিএনজি চালক। প্রায় ৫-৬ মাস আগে পূর্বপরিচিত অপর সিএনজি চালক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা ধার দেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় গত শুক্রবার বিকেলে শিবু মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীরের কাছে পাওনা টাকা চান জুলহাস।
এ সময় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে জাহাঙ্গীর তাকে চড়-থাপ্পড় মারেন এবং এলাকায় থাকতে না দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এরপর রোববার সন্ধ্যা ৬টার দিকে জাহাঙ্গীরসহ কয়েকজন জুলহাসের ভাড়া বাসায় যান। অভিযোগ অনুযায়ী, শান্ত ও টুন্ডা মাসুদ তাকে জানান, জাহাঙ্গীর তার পাওনা টাকা ফেরত দেবেন এবং তাদের সঙ্গে যেতে বলেন। জুলহাস যেতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে শিবু মার্কেটের রানী মা প্লাজার নিচতলায় রুবেলের অফিসে নিয়ে যাওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, সেখানে তাকে আটকে রেখে বেদম মারধর করা হয়। একপর্যায়ে কথিত ছাত্রদল নেতা রুবেল হোসেন হাতে থাকা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে পুনরায় টাকা চাইলে গুলি করে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেন। পরে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন জুলহাস।
জুলহাস অভিযোগে আরও জানান, ভবিষ্যতে আর কখনো পাওনা টাকা দাবি করবেন না—এমন কথা বলার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।


































