নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:১৫, ৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিলে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও থানা থেকে লুন্ঠিত ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। 

সোমবার (৫ অক্টোবর) এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১১ সদর কোম্পানির একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকায় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালায়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে জুট মিল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি-১১ জানায়, উদ্ধার করা শটগানের কার্তুজগুলো থানা থেকে লুণ্ঠিত। তবে কোন থানা থেকে এবং কখন এসব কার্তুজ লুণ্ঠিত হয়েছিল, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সেইসাথে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সম্পর্কিত বিষয়: