নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১১ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতার বাড়িতে হামলা, আসামি ১৯

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৬, ১১ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতার বাড়িতে হামলা, আসামি ১৯

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বসতবাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 বুধবার (১১ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের ছোট ভাই রায়হাতুল মাহমুদ।

 

মামলার আসামিরা হলেন— দেলোয়ার হোসেন ভূইয়া (৬০), ইরফান ভূইয়া (২৭), ইয়ার হোসেন ভূইয়া (৫৮), ইমন ভূইয়া (২৫), মেজবা ভূইয়া (৩১), আক্তার হোসেন ভূইয়া (৩৫), ফয়সাল ভূইয়া (৩০), রেজাউল করিম (৪৮), শিমুল হোসেন গিট্টু (২৯), মনির ভূইয়া (৪৭), আলাল ভূইয়া (৩৮), তৌহিদ ভূইয়া (৪০), জনি হোসেন (৩০), মনির ওরফে সুটার মনির (৪০), সোহেল (২৮), আলাউদ্দিন (৩৫), মো. ফারুক (৫২), মৌসুমী ভূইয়া (৫০), সিনহা আফরিন ভূইয়া (২২) সহ অজ্ঞাত আরও ২০/২৫ জন।

 

 মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সালের বসতবাড়িতে হামলার এই ঘটনা ঘটে।

 

মামলায় উল্লেখ করা হয়, সজীব কাজী নামে কৃষকদল নেতা সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের এক রাজনৈতিক সহযোগীকে পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দুপুরে মারধর করে আসামিরা। খবর পেয়ে ফয়সাল সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এর জের ধরে রাতে আসামিরা ফয়সালের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা মামলার বাদি রায়হাতুল মাহমুদকে মারধর করে আহত করে বলে অভিযোগ করা হয়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, আসামিরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দোসর। তাদের অনেকের বিরুদ্ধে জুলাই মাসের হত্যা মামলাও রয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

তবে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন ভূইয়া হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বেশ কিছুদিন ধরে ফয়সাল ও তার লোকজন তার ড্রেজারের ব্যবসা থেকে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ফয়সালের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার ভাতিজা ফয়সাল, মেজবা ও আকাশ গুরুতর আহত হয়। নিজেদের অভিযোগ আড়াল করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।