নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬

চেয়ারে বসেই নগরবাসীর সহযোগীতা চাইলেন প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চেয়ারে বসেই নগরবাসীর সহযোগীতা চাইলেন প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব নিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পরে একটি অন্তবর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে বর্তমান সরকার গঠিত হয়েছে। আগে যারা কর্মচারী কর্মকর্তা ছিল, তাদের মধ্যে অনেকেই ফ্যাসিস্টদের সাথে সংশ্লিষ্ট ছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ যেহেতু এই শহরে বসবাস করে ও এই আলো বাতাসে আমরা বড় হয়েছি, এই নারায়ণগঞ্জের যে সমস্যা, এই সমস্যাগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নিজেদের পরিবার ও আমার উপরেও এটা প্রভাব পড়ছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসে নগরবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এর মধ্যদিয়ে নগর ভবনে তার প্রথম কর্মদিবস শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। 

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে, এটা দ্রুততার ভিত্তিতে সমাধানের জন্য সরকার আমাদেরকে প্রশাসক হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে ছয়টা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগদান করেছেন। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসেবে মনে করছি এবং আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। সাংবাদিক, বুদ্ধিজীবী, চাকরিজীবী, শ্রমিক, শিক্ষক, আইনজীবীসহ সকল ধরনের পেশার মানুষের সহযোগিতা চাই।

 

সাখাওয়াত হোসেন বলেন, আমি চাই এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলো আছে, একটা নির্দিষ্ট সময়ের পর ৬০ দিনের একটি কর্মসূচি হাতে নেব এবং সেই কর্মসূচির মাধ্যমে সমস্যাগুলো সমাধান করব। সবচেয়ে বড় ব্যাপার হল ধুলাবালি, শহরে যে ধুলাবালি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই ধুলাবালি পরিষ্কার করে অন্তত একটু ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার চেষ্টা করব এবং আমরা গাছ লাগাব।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী পরিবর্তনের যে একটা স্লোগান দিয়েছেন, সেই পরিবর্তনের জন্যই আমাদেরকে এখানে বসানো হয়েছে এবং আমাদের নেতা আমাদেরকে ব্রিফ করেছে। উনি বলেছেন, কি কি কাজ করতে হবে, আমাদের যে প্রশিক্ষণ দিয়েছেন, আপনারা শুনলে অবাক হবেন। গতকাল (মঙ্গলবার) ডেঙ্গু মশা, চিকুনগুনিয়া মশা কিভাবে শনাক্ত করা যাবে এবং কিভাবে এটা নির্মূল করা যাবে সে ব্যাপারে আমরা যে ৬ জন প্রশাসক,  এই ছয়জনকে বিশেষজ্ঞের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতিশীল সিটি কর্পোরেশন গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন, কারণ বর্তমানে এই সিটিগুলোর নাগরিক সমাজ অত্যন্ত দুরবস্থায় আছে। এই দুরবস্থা থেকে আমরা রক্ষা করব। আমাদের প্রথম কাজ হবে মশা নিধন, কারণ বৃষ্টি মৌসুম আসছে। এই বৃষ্টির মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকট দেখা দেবে, সেটা থেকে বাঁচানোর জন্য আমরা মশানিধন করব, পরিষ্কার-পরিচ্ছন্ন করব। রাস্তাঘাট যেগুলো ভাঙাচোরা আছে সেটা করব।

 

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন,

হকার সমস্যা, অটোরিকশা, যানজট বাংলাদেশের মধ্যে সবচেয়ে চরম সমস্যা হলো নারায়ণগঞ্জে, এটা আমরা চিহ্নিত করেছি। আমরা এই ৬০ দিনের মধ্যে  একটা সহনীয় পর্যায়ে যেন আনতে পারি সেই চেষ্টা করবো। 

 

তিনি বলেন, হকাররাও তো আমাদেরই নাগরিক, তাদের নিয়ে আমরা বসব, কিভাবে এইটা সমস্যার সমাধান করা যায়, এইটা নিয়ে কথা বলব। এবং ওই যে অটোরিকশা আছে, যানবাহনের একটা নির্দিষ্ট নীতিমালা করে আমরা সমাধান করবো, ইনশাআল্লাহ।

 

সাখাওয়াত হোসেন বলেন, আমার জীবনটাই হলো চ্যালেঞ্জিং জীবন। আমি এইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবং আমাদেরকে সফল হতে হবে, সফলতার বিকল্প নেই। যদি আমি সফল না হই, আমাদের প্রধানমন্ত্রী সফল হবে না, আমাদের এমপি সাহেবও সফল হবে না, আমাদের সরকার সফল হবে না। সুতরাং আমাকে সফল হতে হবে।

 

 নব নিযুক্ত প্রশাসক আরও বলেন, 

এ নারায়ণগঞ্জের যারা আছেন, আমাদের জনপ্রতিনিধি এমপি সাহেবসহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে মামুন ভাই আছেন, আমাদের আবু ইউসুফ খান টিপু আছেন, এডভোকেট সরকার হুমায়ুন কবির সাহেব আছেন, আমাদের মনির খান আছেন, আমাদের আনোয়ার প্রধান আছেন, আমাদের অন্য যত নেতৃবৃন্দ আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের সকলের সহায়তা চাই। আপনারা আমার এক্টিভিটিস দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার কোন ত্রুটি পান আমাকে আগে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আমি চাই একটি মানুষকে, একটি নাগরিককে সেবা দিতে। আমি প্রথমে এই কর্পোরেশনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের নিয়ে বসব, কারণ তাদের দিয়ে কাজ শুরু করাতে হবে। সাবেক কাউন্সিলর যারা আছেন তাদের নিয়ে বসব। আমি সাবেক কাউন্সিলরদেরকে এই সিটি কর্পোরেশনের কাজে লাগাবো।

আমি সমাজের যারা আমাদের রাজনৈতিক একটা বিষয় বোঝেন, প্রতিটা ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় আমাদের দলীয় লোক আছে। এখন দল না, আমি মনে করি সকলকে নিয়ে, বিরোধী দল যারা আছে, আমি চাই সকলের প্রতি সমান আচরণ করতে। আমরা সমান আচরণ করব এবং সকলের সুষম উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি কথা দিতে পারি যে আমরা অবশ্যই পরিবর্তন করব, সমাধান করব। আমরা সফল হব। সফল হওয়ার জন্যই আমরা এখানে এসেছি। সফল হয়েই ছাড়বো ইনশাআল্লাহ।

সম্পর্কিত বিষয়: