নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুলাল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী।
নিহতের স্ত্রী ও ছেলে ওসমান গনি জানান, বাড়ি সীমানা প্রাচীর বেয়ে প্রতিবেশী) সাজিত এসে তাকে পিঠে থাপ্পর দেয় সেও দুষ্টমি করে থাপ্পর দিলে সাজিত তার পরিবারকে মারাধরের কথা জানালে ওসমান গনিকে সাজিতের পরিবারের লোকজন মারধর করে। এসময় ছেলে বাঁচাতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যায়। পরে দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

































