নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জুলাই ২০২৬

মিশনপাড়া চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ মাদক বিরোধী র‌্যালী ও পথসভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১১, ১০ জুলাই ২০২৬

মিশনপাড়া চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ মাদক বিরোধী র‌্যালী ও পথসভা

একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া, চাষাঢ়া ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ জুলাই বিকেলে শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন শিশুকল্যাণ প্রাইমারী স্কুল মাঠে পথসভা শেষে একটি র‌্যালী বের হয়ে চাষাঢ়া, বাগে জান্নাত ও মিশনপাড়া এলাকা প্রদক্ষিণ করে।

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি হারুনুর রশিদ বাবুলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর বিএনপি নেতা ও আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত পরিষদের সভাপতি নুরুল ইসলাম সর্দার, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, চাষাঢ়া পঞ্চায়েতের নুরুল হুদা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত পরিষদের সেক্রেটারী হানিফ সর্দার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, ১২নং ওয়ার্ডের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত সদর মডেল থানার এসআই মোঃ সেলিম, নাসিকের ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, বাগে জান্নাত মাদরাসার প্রিন্সিপাল মুফতী আব্দুর রহিম, বাগে জান্নাত জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ। সঞ্চালনায় ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এক্স ক্যাডেটস এসোসিয়েশনের জেলা সভাপতি ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ রিপন। সমাবেশ ও র‌্যালীতে মিশনপাড়া, চাষাঢ়া ও বাগে জান্নাত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সমাবেশে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, মাদক এখন আর স্থানীয় সমস্যা নয় এটা জাতীয় সমস্যা। সমাজে ভালমানুষের সংখ্যা অনেক বেশী তার তুলনায় মাদক ব্যবসায়ী ও তাদের নেটওয়ার্কের সংখ্যা অনেক কম। সমাজের ভালমানুষরা ঐক্যবদ্ধ থাকলে মাদক সমস্যা দূরীকরণ সম্ভব। এলাকাবাসী জাগ্রত হলে সচেতন হলে কোনভাবেই মাদক ব্যবসায়ীরা কিছু করতে পারবেনা। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় মাদক ব্যবসায়ীদের ধরলেও আইনের ফাকফোকরে বের হয়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু মাদকের বিরুদ্ধে সোচ্চার। তিনি এ বিষয়ে সামাজিক দায়বদ্ধতার তাগিদ দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা সভা সমাবেশে সেমিনারে অনেক কথা বলি। কিন্তু মাদক ব্যবসা প্রতিহত করতে সবার আন্তরিকতার অভাব রয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের সাহসের অভাব রয়েছে। আমরা ভীতু সাহস নিয়ে কাজ করিনা। যারা পঞ্চায়েতের সভাপতি সেক্রেটারী হবেন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আগে পরিবারের মুরুব্বীরা সন্তানদের শাসন করতেন। মাগরিবের নামাজের সঙ্গে সঙ্গে পড়তে না বসলে বকা দিতেন। ফজরের নামাজের পরে পড়তে বসতে বলতেন। কিন্তু এখন দেখা যায় উল্টো চিত্র। এখন দেখা যায় অনেক সন্তান রাতে মাদক খেয়ে ঘুমায় পরের দিন বেলা করে ঘুম থেকে উঠে। আমরা অনেকেই নিজেদের কথা চিন্তা করে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করিনা। সামাজিক অবক্ষয়ের জন্য আমরা দায়ী। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন অথচ আপনার আশেপাশে মাদক বিকিকিনি চলছে আপনি প্রতিবাদ করবেন না এটাতো হতে পারেনা। আপনারা অবাক হয়ে যাবেন এমন এমন সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা মাদক বিক্রি করছে। আমি পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাবো রাত ১০টার পরে যত হোন্ডা দেখবেন চেক করবেন। অনেক সাংবাদিকও মোটর সাইকেলে সাংবাদিক স্টিকার লাগিয়ে মাদক বহন করছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। বহিরাগতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিন। তাদেরকে পাকড়াও করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, মাদক শুধু পুলিশ কিংবা কোন বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মাদক আইনটা সংশোধিত হতে যাচ্ছে। অনেক সময় আমরা মাদক ব্যবসায়ীদের ধরি কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যায়। এখন যেটা প্রস্তাবনায় এসেছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট সংখ্যায় মামলা থাকলে তাদেরকে অন্তত ৬ মাসের আগে জামিন দেয়া হবেনা। এমনটি হলে আমাদের জন্য মাদক নির্মূলে সহজ হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।    

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, আমরা বিগত দিনে মাদক বিরোধী সমাবেশ র‌্যালী করলেও কার্যকর ফল আসেনা। চাষাঢ়ায় মাদক নির্মুলে মাদার্স ক্লাব গুড়িয়ে দেয়া হলেও একটি বাড়িতে এখনো মাদক বিক্রি হচ্ছে। যেটি হচ্ছে তবলা রিপনের বাড়ি। যারা এসব এলাকায় মাদক বিক্রি করে তারা ব্যাগে করে মাদক নিয়ে এসে বিক্রি করে। আগে তারা মোটর সাইকেল দিয়ে বিক্রি করতো এখন থ্রি হুইলার দিয়ে বিক্রি করছে। ডায়াবেটিসের মতো মাদক ভয়াবহ আকার ধারন করেছে।

সম্পর্কিত বিষয়: